নারায়ণগঞ্জ সংবাদদাতা-
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি সময়মতো পরিশোধ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শ্রম বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দেশের শিল্পখাত সচল রাখতে হলে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শ্রমিকরা যেন সময়মতো বেতন-বোনাস পান এবং উৎসব আনন্দ নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।
তিনি বলেন, শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই ঈদকে সামনে রেখে সকল শিল্পপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
মাহদী আমিন আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্যও নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। শিল্পখাতে স্থিতিশীলতা বজায় থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
বক্তারা জানান, নারায়ণগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় ঈদকে কেন্দ্র করে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি নিয়ে প্রায়ই বিভিন্ন সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিল্প মালিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো ধরনের গড়িমসি না করার জন্য মালিকপক্ষকে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন