বিশেষ প্রতিনিধি – ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁরা এই ঝটিকা মিছিল বের করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে ১০ থেকে ১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করেই তাঁরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আটক হওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে সকালে তাঁদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিফের নামে আগে মামলা ছিল কি না তা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
মন্তব্য করুন